কসবা উপজেলা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ৬:১৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের কামালপুর ও মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- কামালপুর গ্রামের হিমেল মিয়ার ছেলে জিসান আহমেদ (৪) ও বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার ছেলে সাফুয়ান আহমেদ (২)। এ ঘটনায় মধ্যে ঝুমা আক্তার (৫) নামে অপর শিশুর অবস্থা সংকটাপন্ন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
কামালপুর গ্রামের নিহত শিশু জিসানের মা জোনাকি বেগম জানান, সকাল ১১ টার দিকে বাড়িতে রান্নার প্রস্তুতি চলছিল। তার শ্বাশুড়ি অর্থাৎ ঝুমার মা জিসানের দাদু চলে যায় কিস্তির টাকা পরিশোধ করতে অন্য বাড়িতে। এ সময় তার পাঁচ বছর বয়সী শিশু ননদ ঝুমা ও তার চার বছর বয়সী ছেলে জিসান একসাথে খেলা করছিলো। এক পর্যায়ে খেলার ছলে বাড়ি থেকে কয়েকশ গজ দুরত্বে একটি ডোবার দিকে যায় ঝুমা। তখন জিসানকেও ডেকে নিয়ে যায় ঝুমা। ডোবার পাড়ে চলে যায় দু’জন খেলা করতে। বাড়ির লোকজন বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমাদের অজান্তেই খেলার ছলে ডোবার পানিতে পড়ে যায় দুজনই। বেশ কিছুক্ষন যাবত তাদের সাড়াশব্দ না পেয়ে খোঁজা-খুঁজি করা হয়।
এসময় এক প্রতিবেশী বলে ডোবার পাড়ে কিছুক্ষণ আগে তাদের খেলতে দেখছেন। তখন ডোবার পানিতে খুঁজতে গিয়ে দেখতে পায় ঝুমার দেহ পানিতে ভাসছে। তখন ঝুমাকে উদ্ধার করে এবং জিসানকে কিছুক্ষণ খোঁজা-খুঁজির পর পানির নীচ থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বাড়ির লোকজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন এবং ঝুমাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিকে একই দিন সকালে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মানিক মিয়ার দুই বছর বয়সী শিশু সাফুয়ান আহমেদ পানিতে পড়ে যায়। তাকেও খোঁজা-খুঁজির পর উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর মধ্য মুলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের নিহত দুই বছর বয়সী শিশু সাফুয়ানকে দাফন করেছে পরিবার। অপরদিকে কামালপুর গ্রামেও দুই শিশুর পানিতে পড়ার ঘটনায় একজন মারা,গেছে অপর শিশু কুমিল্লায় চিকিৎসাধীন আছে। এসব বিষয়ে কারো পক্ষ থেকেই কোন অভিযোগ হয়নি।
Posted ৬:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya