জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 8:41 pm
এবার সরকার পতনের একদফা দাবিতে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত এলো।
পাশাপাশি সন্ধ্যায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
জানা গেছে, নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে দলটি। শনিবার রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।
এদিকে, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে বলেন, শাপলা চত্বরে জামায়াতের ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার উদ্দেশ্যে সরকার দেশের বিভিন্ন স্থান থেকে তিন শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। অথচ মিটিং-মিছিল করা যে কোনো রাজনৈতিক দলের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার।
জামায়াতের এই নেতা আরও বলেন, মহাসমাবেশে যোগ দিতে আসা জামায়াতের নেতাকর্মীদের বাস, লঞ্চ ও ট্রেন থেকে নামিয়ে গ্রেফতার করা হয়। এটা সম্পূর্ণ বেআইনি, অগণতান্ত্রিক ও অনভিপ্রেত। আমি সরকারের এ অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল।
হরতালে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
Posted ৮:৪১ পিএম | শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya