জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ সর্বশেষ আপডেট : ৮:৪৬ অপরাহ্ণ

বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। তফসিল অনুযায়ী প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাবেন আগামী ২০ অক্টোবর। এর আগে, প্রার্থীরা উঠান বৈঠক ও পরামর্শ সভা করে যাচ্ছেন। নির্বাচন কমিশনের বাছাই শেষে এই নির্বাচনে ৬জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নিয়ম অনুযায়ী আপিল করতে পারবেন।
মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হচ্ছেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. রাজ্জাক হোসেন, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম (জুয়েল), বাংলাদেশ আওয়ামী লীগের শাহজাহান আলম, জাতীয়পার্টির আব্দুল হামিদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ইব্রাহীমের মনোনয়ন বাছাইয়ে অবৈধ ঘোষণা করা হয়।
তবে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটাররা মনে করছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু ও স্বতন্ত্র প্রার্থী মহাজোট থেকে দুই বারের সাবেক এমপি জিয়াউল হক মৃধাকে।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা শনিবার রাতে তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছের ঘোষপাড়ায় শনিবার রাতে এক সভায় নির্বাচন সুষ্ঠু না হলে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন।
জিয়াউল হক মৃধা বলেন, ইউরোপ-আমেরিকা সহ সারা পৃথিবী বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। দেশে দুটি নির্বাচন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর, এই দুটি নির্বাচনের দিকে বিশ্ব তাকিয়ে রয়েছে, এই সরকারের অধিনে ভাল হবে নাকি খারাপ হবে। সরকার যদি এই নির্বাচনে কোন প্রকার কারচুপি করে, একজনের ভোট আরেকজনকে দিয়ে দেয়, যদি দরজা বন্ধ করে দেয়, যদি অন্ধকারে সীল মারে, রাতের অন্ধকারে ক্যু-কর্ম করে ভোট হাসিল করে তাহলে সরকারকে ফলাফল ভোগ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে আমি রাজপথে নামার ঘোষণা দিলাম।
তিনি বলেন, আগামী ৫ নভেম্বর নির্বাচন অবাধ সুষ্ঠু দেখতে চাই। আমরা চাই ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এই শ্লোগান বাস্তবায়িত হোক। আমরা চাই একটা সুন্দর নির্বাচন। মানুষ চুন খেয়ে দই দেখলে ভয় পায়, চুন আর দই যেন একাকার না হয় তা সরকারের কাছে আকুল আবেদন।
সাবেক এমপি মৃধা বলেন, জননেত্রী শেখ হাসিনাকে বলতে চাই,সংবিধান অনুযায়ী নির্বাচন হোক এটা আমরাও চাই। এটা প্রমাণের দায়িত্ব আপনার। আপনিই একমাত্র ব্যক্তি যিনি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে দেখাতে পারেন আমি সুন্দর নির্বাচন দিয়েছি, আগামী দিনেও এই ধরনের নির্বাচন দিব। এটা আপনার জন্যে ভাল ও মঙ্গল হবে, আমরা আপনার মঙ্গল চাই। আর উল্টো পাল্টা হলে, বাধা দিলে বাধবে লড়াই।এই লড়াইয়ে আমরাই জিতবো।
তিনি আরও বলেন, গত উপনির্বাচনে সাত্তার সাহেব যখন নির্বাচন করেছিল সরকারি দল ঢোল বাজিয়ে, পুলিশ জমায়েত করে মেম্বার চেয়ারম্যানদের দিয়ে ডেকে এনে ৪০ হাজার ভোটও নেওয়া যায়নি। আমি চাই আগামী ৫ তারিখের নির্বাচন ঈদের উৎসব হবে। উৎসবমুখর পরিবেশ আমি সরাইল আশুগঞ্জে দেখতে চাই।
বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঞা গত ৩০ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গত ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন।

Posted ৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
dainiksarod | Pijush Kanti Acharya
এ বিভাগের আরও খবর