ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:47 pm
আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত দুই মাসের ব্যবধানে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হলো। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকদের পরামর্শে বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘কিছু উপসর্গ দেখা দেওয়ায় শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডামের (খালেদা জিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে উনাকে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য ওনাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’
হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ জুন এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদ্রোগে ভুগছেন।
বন্দী অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তাঁর মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
Posted ১০:৪৭ পিএম | বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya