জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৯ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 8:38 pm
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগমের (শিউলি আজাদ) দেয়া বক্তব্যকে ভিত্তিহীন এবং বানোয়াট দাবি করে এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মানবন্ধন ও সমাবেশ হয়েছে। রোববার (০৯ জুলাই) দুপুরে সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
এসময় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে উচালিয়া পাড়া পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে কয়েক হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। পরে শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রফিক উদ্দিন ঠাকুর তার বক্তব্যে বলেন, ২০১২ সালের ২১ অক্টোবর সংঘটিত সরাইল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইকবাল আজাদ হত্যাকান্ডের বিচার সকলেই চাই। তবে একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের ত্যাগী নেতাদের হত্যা মামলায় জড়িয়েছে। সে সাথে জাতীয় সংসদে ইকবাল আজাদের স্ত্রী উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) ওই হত্যাকান্ড সহ অন্যান্য হত্যাকাণ্ডের সাথে আমাদেরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং তাকে সংসদ থেকে অপসারণের দাবী জানাচ্ছি। আমরা সকল ঘটনার পুন:তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে দাবি জানাচ্ছি।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমত আলী, যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বক্তব্য জানতে সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) এর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
Posted ৮:৩৮ পিএম | রবিবার, ০৯ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya