স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৭ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 9:12 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৭ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে নাসিরনগর ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে নৌকা ঘাটে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত জুমেলের ভাই এমদাদুল নামে আরেক শিশুকে আশংকাজন অবস্থায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা দুজনই উপজেলা গোয়ালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।
নিহতের মা সেলিনা বেগম জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে নিজের বাড়িতে (বাপের বাড়ি) সন্তোষপুর যাচ্ছিলেন। পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুমেল মিয়াকে মৃত্যু ঘোষনা করেন। তারই ভাই অপর শিশু এমদাদুলকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা আক্তার জানান, এক শিশু মারা গেছে। অপর শিশুকে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ৯:১২ পিএম | বুধবার, ০৭ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya