স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৯ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:03 pm
সেলুনে গেলেন চুল কাটতে বা সেইভ করতে। গিয়ে দেখলেন নাপিত অন্য কাস্টমারদের নিয়ে ব্যস্ত। আপনাকে করতে হবে বসে অপেক্ষা। অপেক্ষার সময়টুকু যদি বই বা পত্রিকা পড়ে কাটানো যায় মন্দ হবে না। এই ধারণা থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেলুন ভিত্তিক একটি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মে) সকাল ১১ টায় উপজেলার অরুয়াইল বাজারে অবস্থিত ‘নুকুল হেয়ার কাটিং সেলুন’ নামে একটি দোকানে ফিতা কেটে পাঠাগারটি উদ্বোধন করা হয়।
সেলুনভিত্তিক পাঠাগারের উদ্যোক্তা তরুণ লেখক হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দল্লাহপুরের মরহুম আসাদুল্লাহ মাষ্টারের ছেলে। পেশায় ব্যাংকার হলেও আপাদমস্তক বইপ্রেমী মানুষ তিনি। তরুণ প্রজন্মকে বইয়ের দিকে ধাবিত করতে গত ১০ বছর ধরে তিনি অনলাইনে ও অফলাইনে বই নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
হারুন-অর-রশীদ প্রথমে ব্যতিক্রমধর্মী সেলুনভিত্তিক পাঠাগার যাত্রা শুরু করেন ঢাকার নবাবগঞ্জে স্থাপনের মাধ্যমে। দেশের দ্বিতীয় সেলুন ভিত্তিক পাঠাগারটি স্থাপন করলেন তার শ্বশুর বাড়ির এলাকা সরাইল উপজেলার অরুয়াইলে।
সেলুন ভিত্তিক পাঠাগারের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হারুন-অর-রশীদ বলেন, জ্ঞানের উৎকর্ষ সাধনে, মাদকমুক্ত ও আলোকিত সমাজ বিনির্মাণে বই পড়ার বিকল্প নেই। এখানে চুল কাটতে আসা কাস্টমারদের পাশাপাশি বাইরের পাঠকরাও বই পড়তে পারবেন। এভাবে আমরা ক্রমান্বয়ে সেলুনভিত্তিক পাঠাগার ছড়িয়ে দেব সারাদেশে। এর মাধ্যমে সকল শ্রেণি ও পেশার পাঠককে বই পাঠে আগ্রহী করে তুলতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় ১টি করে ৬৪টি সেলুন ভিত্তিক পাঠাগার স্থাপন করা হবে বলে জানান বইপ্রেমী হারুন-অর-রশীদ।
পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহের উদ্দিন, অরুয়াইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক এডভোকেট গাজী মো. শফিক, প্রফেসর মো. এলাই মিয়া, মানবসেবী সাংবাদিক এম মনসুর আলী, সাবেক ব্যাংকার আবু বক্কর সিদ্দিকী, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি অরুয়াইল ক্লাস্টারের সাধারণ সম্পাদক মো.আসিফ ইকবাল খোকন প্রমূখ।
উদ্বোধনের পর মুক্তিযোদ্ধা মো. সাহের উদ্দিন পাঠাগারের সার্বিক সাফল্য কামনা করে বলেন, নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলতে সেলুনভিত্তিক পাঠাগার ভূমিকা রাখবে। আজকাল অনেক ছেলে-মেয়েরা বই পড়া থেকে দূরে সরে গিয়ে মোবাইল গেইম আর ফেইসবুকে ঝুঁকে পড়ছে। এ প্রচেষ্টা তরুণ প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তুলবে।
Posted ১১:০৩ পিএম | শনিবার, ২৯ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya