আখাউড়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে হত্যা করলো শীর্ষ মাদক ব্যবসায়ী

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ মে ২০২১   সর্বশেষ আপডেট : 8:41 pm

আখাউড়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে হত্যা করলো শীর্ষ মাদক ব্যবসায়ী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী তার স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে ঢাকায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডলি (৪০) নামের মাদক ব্যবসায়ী কাজল ভূইয়ার স্ত্রী মারা যান। শীর্ষ মাদক ব্যবসায়ী কাজল ভূইয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুরের বাসিন্দা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার ভাতিজা। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা বিচারাধীন রয়েছে বলে আখাউড়া থানা সূত্রে জানা যায়।

মঙ্গলবার বিকেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

আগুনে মারা যাওয়া ডলির ভাই বিল্লাল হোসেন হৃদয় অভিযোগ করে বলেন, আমাদের বাড়ি বরিশালে। কিন্তু উপজেলা সদরের মসজিদপাড়ায় বসবাস করি। সীমান্তবর্তী এলাকা আনোয়ারপুরের কাজল ভূইয়ার সাথে আমার বোনের বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। এরমধ্যে এক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুইজনের মধ্যে মাঝে মাঝে মনোমালিন্য হয়। ঈদের আগের দিন রাতেও সাংসারিক বিষয় নিয়ে আমার বোনের সাথে ভগ্নিপতি কাজলের বাকবিতন্ডা হয়। এরই জেরে ঈদের দিন সকালে স্বামী-স্ত্রী পুনরায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময় কাজল আমার বোনকে মারধোর করে তার ভাতিজা রামিমকে মোটরসাইকেল থেকে পেট্রোল বোতল দিয়ে আনতে বলেন। রামিম বোতলে পেট্রোল এনে দিলে কাজল আমার বোনের শরীরে ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আগুনে পুড়ে আমার বোনের অবস্থা বেগতিক হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। মঙ্গলবার সকালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

তিনি আরও বলেন, এই খবর পেয়ে আমার স্ত্রীকে তাদের বাড়িতে গেলে তাকে আটক করে রাখা হয়। সে এখনো সেখানে আটক আছে।

আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন বলেন, মারা যাওয়া নারীর ভাই আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘আমরা একজন নারী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানতে পেরেছি। মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হচ্ছে। সেখানে তার স্বজনেরা রয়েছেন। এখনো লিখিত কোন অভিযোগ পায়নি’।

অভিযুক্ত কাজল ভূইয়ার বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম চৌধুরী বলেন, ‘কাজল ভূইয়া একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। তার মামলা গুলো আদালতে বিচারাধীন রয়েছে। আমাদের হাতে তদন্তাধীন কোন মামলা নেই। আমরা সব মামলা আদালতে পাঠিয়ে দিয়েছি। অন্যান্য থানায় তার বিরুদ্ধে আরও মামলা থাকতে পারে’।

Facebook Comments Box

Posted ৮:৪১ পিএম | মঙ্গলবার, ১৮ মে ২০২১

dainiksarod |