ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৪ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 11:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে এসে মতামত জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা এবং ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী।
রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে সোমবার (৫ এপ্রিল) এই সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
গণস্বাস্থ্য কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাফরুল্লাহ চৌধুরী এবং তার সঙ্গে ১৪ জন ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা শনিবার (৩ মার্চ) সরেজমিন পরিদর্শন করেন। তারা নিহত-আহতদের পরিবারের খোঁজ-খবর নেন। সত্য ঘটনা দেশের জনগণকে জানানোর লক্ষে জাফরুল্লাহ চৌধুরী সংবাদ সম্মেলন করবেন।’
এ সময় উপস্থিত থাকবেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্রবিজ্ঞানী ও অধ্যাপক দিলারা চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়া আজিজ উলফাত, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, রাষ্ট্র চিন্তার দিদারুল ভূঁইয়া, ভাসানী অনুসারী পরিষদের সদস্য ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।
গত ৩ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ২৬ মার্চ-২৮মার্চ হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা এবং ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী নেতৃত্বে ১৪জন সদস্যের একটি দল। এসময় তিনি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবেও আসেন। কিন্তু তিনি স্থানীয় সাংবাদিকদের এই বিষয়ে মতামত জানাননি। সে সময় তিনি জানিয়েছিলেন, ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার মতামত তুলে ধরবেন।
Posted ১১:২৪ পিএম | রবিবার, ০৪ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya