স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 5:03 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আবেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা নিয়ে যাওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবেদা বেগম উপজেলার অরুয়াইল ইউনিয়নের কাকরীয়া গ্রামের কুত্তারহাটি এলাকার মৃত আহমেদ আলীর স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবেদা বেগমের বাড়ির উপর দিয়ে পাশের রবি মিয়ার লোকজন আসা যাওয়া করেন। কয়েকদিন আগে আবেদা বেগমের দুই ছেলে পাশাপাশি ঘর তুলতে যায় নিজের বাড়িতে। এসময় কাগজ পত্রে রাস্তা না থাকলেও মানবিক দিক বিবেচনা করে পাশের রবি মিয়ার বাড়ির লোকজন আসা যাওয়া করতে তিন হাত রাস্তা রেখে ঘরগুলো নির্মাণ শুরু করে। বৃহস্পতিবার রাতে রবি মিয়ার ছেলে মানিক মিয়া রাস্তার জায়গা কম হয়েছে বলে দাবি করে আবেদার ছেলেদের সাথে বাকবিতন্ডায় থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় আবেদা বেগম ফেরাতে আসলে মানিক মিয়া একটি কাঠ দিয়ে তার মাথায় সজোরে আঘাত করলে গুরুতর আহত হন। আহত আবেদাকে মানিকের বাড়ির লোকজন রাতেই চিকিৎসার কথা বলে নিয়ে আসে। চিকিৎসার কথা বলে নিয়ে গেলেও শুক্রবার সকাল পর্যন্ত আবেদা খুঁজে পাচ্ছিলেন না তার পরিবারের সদস্যরা। শুক্রবার সকাল ১০টায় জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত আবেদা বেগমের সন্ধান পায় তার পরিবার। সেখান থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য আবেদাকে ঢাকায় প্রেরণ করা হলে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মারা যান।
সরাইলের অরুয়াইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন বলেন, আমরা নিহত হওয়ার বিষয়ে জানতে পেরেছি। জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা আছে।
Posted ৫:০৩ পিএম | শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya