স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২৬ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 8:41 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাওরের পানিতে ৫দিন যাবত ভাসমান থাকা ফুলবানু খাতুন (৮৩) নামে এক বৃদ্ধার লাশ যথা সময়ে উদ্ধার না করায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফুলবানু সরাইল উপজেলার পাকশিমুল ইউপির জয়ধরকান্দি গ্রামের প্রয়াত আলাবক্সের স্ত্রী। বন্যার পানিতে হাওরে লাশটি ভাসতে দেখে জয়ধরকান্দি গ্রামের ইউপি সদস্য প্রথমে সরাইল থানার ওসিকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
পরে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাপন চক্রবর্তীকে এ লাশের ব্যাপারে জানান সেই ইউপি সদস্য পুলিশের (চৌকিদার) মাধ্যমে। কিন্তু এই পুলিশ কর্মকর্তা এ লাশের ব্যাপারে কোনো উদ্যোগ নেননি। পরে বুধবার (২৬ আগস্ট) গ্রামের লোকজন ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে সাহস করে লাশের কাছে গিয়ে লাশটি সনাক্ত করেন। পরে খবর পেয়ে সরাইল থানার পুলিশ এ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ফুলবানুর ছেলে গুলু মিয়া ও পুত্রবধূ রুবিনা বেগম ও গুলু মিয়ার এক মেয়েকে আটক করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনঃ লাশ পানিতে ভেসতে দেখে এগিয়ে আসেনি কেউ, ৫দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
গ্রামবাসীর অভিযোগ জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধ ফুলবানুকে হত্যার পর তার লাশ হাওরে ফেলে দেন ছেলে গুলু মিয়া ও তার স্ত্রী রুবিনা বেগম।
জয়ধরকান্দি গ্রামের গ্রামপুলিশ (চৌকিদার) রহমত আলী বুধবার দুপুরের পর এই প্রতিবেদককে বলেন, রোববার (২৩ আগস্ট) এ লাশটি গ্রামের পাশে হাওরে পানিতে ভাসছিল। গ্রামের লোকজন বিষয়টি আমাকে জানালে প্রথমে সরাইল থানার ওসি স্যারের নম্বরে ফোন দেই; কিন্তু তিনি রিসিভ করেননি। পরে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাপন চক্রবর্তী স্যারকে এ লাশের ব্যাপারে জানাই। কিন্তু তারা (পুলিশ) বিষয়টি আমলে নেননি।
জয়ধরকান্দি গ্রামের ইউপি সদস্য মো. সালাউদ্দিন বুধবার বিকেলে এই প্রতিবেদককে বলেন, এই লাশ রোববার থেকে এখানে হাওরের পানিতে ভাসছিল। এরই মাঝে একবার ভেসে নাসিরনগর থানা এলাকায় যায়, আবার এ লাশ ভেসে সরাইল থানা এলাকায় আসে। এ পরিস্থিতিতে গ্রামের লোকজন বিষয়টি আমাকে জানান এবং অনেকে বিষয়টি নিয়ে ফেসবুকে লেখেন। তখন আমি নিজে পানিতে ভাসমান লাশটি দেখে সরাইল থানার ওসিকে ফোন দেই, তিনি রিসিভ করেননি। পরে এ বিষয়টি অরুয়াইল ফাঁড়ির ইনচার্জ এসআই বাপন চক্রবর্তীকে জানাই। তিনি আমাকে জানান, গিয়ে দেখেন সেই লাশটি সরাইল থানা এলাকায় আছে, নাকি নাসিরনগর থানা এলাকায় রয়েছে। তখন আমি তাকে বলি, ‘এই লাশ দুই থানা এলাকাতেই ভেসে আসছে ও যাচ্ছে।’ জবাবে এসআই বাপন চক্রবর্তী জানান, ‘তাহলে এ অবস্থায় আমার কিছু করার নেই।’
ইউপি সদস্য সালাউদ্দিন আরও বলেন, পরে লোকমুখে শুনা যায় ফুলবানু খাতুন ৫দিন যাবত নিখোঁজ, কিন্তু তার ছেলে ও পুত্রবধূ একেবারেই নীরব। সন্দেহ হলে তাদেরকে চাপ দেয়া হয় এবং গ্রামের ইউপি সদস্যের উপস্থিতিতে ছেলে ও পুত্রবধূকে রশি দিয়ে বেঁধে ঘরে আটকিয়ে লোকজন নিয়ে সেই ভাসমান লাশের কাছে যাই এবং এ লাশ ফুলবানু খাতুনের শনাক্ত হলে পুলিশকে খবর দেয়া হয়।
এ ব্যাপারে জানতে বুধবার বিকেলে সরাইল থানার ওসি আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, সকালে মরদেহের বিষয়টি আমাকে জানানো হয়। এর আগে ওই নারী তিনদিন যাবত নিখোঁজের বিষয় জানায়।
অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাপন চক্রবর্তীর নম্বরে ফোন দিলেও তিনিও ফোন রিসিভ করেননি।
Posted ৮:৪১ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya