ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:23 am
জাতীয় অধ্যাপক ড. আনিজ্জামান করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন। তার ছেলে আনন্দ জামান বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এসময় আনন্দ জামান বলেন, “ আজ সকালে আব্বার নমুনা নেওয়া হয়। পরে বিকালে মারা যাওয়ার পরও নমুনা নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, উনার পিসিআর রেজাল্ট পজেটিভ এসেছে।”
তিনি আরও জানান, অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ বাংলা একাডেমিতে নেয়াসহ অন্যান্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে মারা যান আনিসুজ্জামান। বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ড. আনিসুজ্জামান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৭ এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেটের সমস্যা ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিফ কার্ডিওলজিস্ট অধ্যাপক খন্দকার কামরুল ইসলামের অধীনে করোনারি কেয়ার ইউনিটে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এরপর গত শনিবার অধ্যাপক আনিসুজ্জামানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
অধ্যাপক আনিসুজ্জামান এর আগে ফুসফুসের সংক্রমণসহ বিভিন্ন সমস্যা নিয়ে গত ফেব্রুয়ারিতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি ছিলেন। তারও আগে দেশের বাইরে গিয়ে কয়েকবার চিকিৎসা নেন তিনি।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। ভারত ভাগের পর তার পরিবার এপার বাংলায় চলে আসেন। তিনি ছয় দশকেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ভাষা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনসহ পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোত জড়িত ছিলেন। এছাড়া ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা কর্মকাণ্ডে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব আনিসুজ্জামানের সক্রিয় ভূমিকা রয়েছে।
সূত্র- পরিবর্তন
Posted ১:২৩ এএম | শুক্রবার, ১৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya