ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:38 pm
করোনাভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ ৮৮৭ জন নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৬৫৭ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা হানা দেয়ার পর এটি একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ২২৮ জন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এসময় তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৭৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ২২ হাজার ৬৫৭টি।
নাসিমা বলেন, নতুন নমুনা পরীক্ষায় আরও ৮৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৫৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। এদের ১০ জন পুরুষ ও চারজন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২২৮-এ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৬ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৬৫০ জন বলেও জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
Posted ৩:৩৮ পিএম | রবিবার, ১০ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya