স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০২ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:24 pm
ব্রাহ্মণবাড়িয়ায় দেশবরেণ্য আলেম মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগম হওয়ার ঘটনায় শনিবার ১৪দিন অতিক্রম হতে যাচ্ছে।
জানাজার পর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ১০টি গ্রামের বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়ছিল৷ শনিবার সন্ধ্যায় তাদের কোয়ারেন্টাইন শেষ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা। আর কোয়ারেন্টাইনে থাকা গ্রামের বাসিন্দাদের মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত ১৮ এপ্রিল বেড়তলা গ্রামের ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে লাখো মানুষের সমাগম হয়। দেশজুড়ে লকডাউনের মধ্যে জানাজা অনুষ্ঠিত হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম সমালোচনার ঝড় উঠে। অনেকেই ব্রাহ্মণবাড়িয়াকে ট্রল করে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, বেড়তলাসহ কোয়ারেন্টাইনে থাকা অন্যান্য গ্রামের বাসিন্দাদের মধ্যে সেভাবে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা যায়নি। তবে কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মো. মুসা বলেন, কোয়ারেন্টাইনের পরবর্তী পদক্ষেপ হিসেবে পুরো উপজেলা আমরা যেভাবে তদারকি করি সেভাবেই বেড়তলাসহ অন্যান্য গ্রামগুলোকে তদারকি করা হবে। তবে গ্রামগুলোতে করোনাভাইরাসের কোনো উপসর্গ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাসপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন মাওলানা জুবায়ের আহমেদ আনসারী। ওইদিন রাতেই মাইকিং করে তার মৃত্যুর খবর জানানো হয়। পাশাপাশি ফেসবুকে প্রচার করা হয়। পরবর্তীতে বেড়তলা গ্রামের জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে জানাজার নামাজে মানুষের ঢল নামে।
Posted ১:২৪ পিএম | শনিবার, ০২ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya