ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ০৮ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 10:40 pm
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ হজ যাত্রীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা উদ্বিগ্ন হবেন না, আতঙ্কিত হবেন না। নির্ধারিত সময় ১৫ মার্চের মধ্যেই যাবতীয় কাজ সম্পন্ন করুন।
করোনাভাইরাসের কারণে দ্বিধায় না থেকে হজের নিবন্ধন করে ফেলার পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার ধর্ম মন্ত্রণালয়ে করোনাভাইরাসের প্রেক্ষিতে বাংলাদেশের হজ যাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া ও ব্যবস্থাপনা সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
হজ যাত্রীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেউ হজের নিবন্ধনে বিলম্ব করলে তার হজযাত্রায় সমস্যা হতে পারে।
তিনি বলেন, আপনাদের জমাকৃত টাকা কোনোভাবেই মার যাবে না। যখনই টাকা ফেরত চান ফেরত পাবেন। আপনি চাইলে এই টাকা দিয়ে আগামী বছর হজে যেতে পারবেন। যেকোনো সমস্যা সৃষ্টি হলে আমরা ব্যবস্থা নেব।
তিনি বলেন, সৌদি সরকার সাময়িক সময়ের জন্য ওমরাহ বন্ধ রেখেছে। যেকোনো সময় এ নিষেধাজ্ঞা তুলে নেবেন। সেজন্য আপনারা হজের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে থাকুন যাতে হজে যেতে সমস্যা না হয়।
তিনি বলেন, আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হজের সময়ের আগেই বিশ্ববাসীকে এ বিপদ থেকে অচিরেই রক্ষা করবেন।
অন্যান্য বছরের তুলনায় এবার হজের প্রাক নিবন্ধনের সংখ্যা কম জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরকারিভাবে এখন পর্যন্ত ৭২৫ জন এবং বেসরকারিভাবে ৮৪৮ জন নিবন্ধন করেছেন।
নিবন্ধনের জন্য যতটুকু প্রয়োজন সময় বাড়ানো হবে বলেও তিনি এসময় জানান।
প্রতিমন্ত্রী জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জিলহজ ১৪৪১ হিজরী মোতাবেক ৩০ জুলাই এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আশা করছি ১ জিলকদ (২৩ জুন) হজ ফ্লাইট শুরু হবে। সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গত বছরের চেয়ে ১০ হাজার হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে। সে হিসেবে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজ যাত্রী হজে যেতে পারবেন।
Posted ১০:৪০ পিএম | রবিবার, ০৮ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya