শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

কবি আল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 9:45 pm

কবি আল মাহমুদের প্রথম মৃত্যুবার্ষিকী

কবি আল মাহমুদ ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কবির প্রয়াণের আজ শনিবার এক বছর হলো। কবির পুরো নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইলের মোল্লাবাড়িতে ১৯৩৬ সালের ১১ জুলাই জন্ম নেন আল মাহমুদ। তার পিতার নাম আব্দুর রব মীর ও মা রৌশন আরা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দির সাধনা হাই স্কুল এবং পরে চট্টগ্রামের সীতাকুণ্ড হাই স্কুলে পড়াশোনা করেন। এ সময় থেকেই তার লেখালেখির শুরু।

সংবাদপত্রে লেখালেখির একপর্যায়ে ১৯৫৪ সালে আল মাহমুদ ঢাকায় আসেন। কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী সম্পাদিত সাপ্তাহিক কাফেলায় লিখতে থাকেন। পাশাপাশি দৈনিক মিল্লাত পত্রিকায় প্রুফ রিডার হিসেবে সাংবাদিকতায় হাতেখড়ি নেন। পরে ১৯৫৫ সালে কবি আব্দুর রশীদ ওয়াসেকপুরী কাফেলার চাকরি ছেড়ে দিলে তিনি সম্পাদক হিসেবে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর দৈনিক গণকণ্ঠ প্রকাশিত হয় তারই সম্পাদনায়। এ সময় এক বছরের জন্য কারাবন্দি থাকতে হয় তাকে।

আল মাহমুদের প্রথম বই ‘লোক লোকান্তর’ প্রকাশিত হয় ১৯৬৩ সালে। দ্বিতীয় বই ‘কালের কলস’ প্রকাশিত হয় ১৯৬৬ সালে। এ দুটি কবিতার বইয়ের জন্য তিনি ১৯৬৮ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। মুক্তিযুদ্ধের পর গল্প লেখায় মনোযোগী হন আল মাহমুদ। ১৯৭৫ সালে তার প্রথম ছোটগল্পের বই ‘পানকৌড়ির রক্ত’ প্রকাশিত হয়। পরে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে নিয়োগ দেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তিনি পরিচালক হন। ১৯৯৩ সালে তিনি অবসর নেন।

সিকান্দার আবু জাফর সম্পাদিত ‘সমকাল’ এবং কলকাতার ‘নতুন সাহিত্য’, ‘চতুস্কোণ’, ‘ময়ূখ’, ‘কৃত্তিবাস’ ও ‘কবিতা’ পত্রিকায় লেখালেখির সুবাদে ঢাকা ও কলকাতার পাঠকদের কাছে তার নাম সুপরিচিত হয়ে ওঠে। ১৯৯৩ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘কবি ও কোলাহল’। তার অন্যান্য উল্লেখযোগ্য বইয়ের মধ্যে ‘অদৃষ্টবাদীদের রান্নাবান্না’, ‘মিথ্যাবাদী রাখাল’, ‘কাবিলের বোন’, ‘উপমহাদেশ’, ‘ডাহুকি’, ‘আগুনের মেয়ে’, ‘চতুরঙ্গ’ ইত্যাদি। ‘যেভাবে বেড়ে উঠি’ তার আত্মজীবনী গ্রন্থ। ছড়া রচনাতেও তিনি ছিলেন অতুলনীয়। বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ- সবকিছুই তার ছড়ায় উঠে এসেছে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঢেউ তুলছে।

আল মাহমুদ তার কর্মের স্বীকৃতি হিসেবে একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জয় বাংলা পুরস্কার, হুমায়ুন কবীর স্মৃতি পুরস্কার, জীবনানন্দ স্মৃতি পুরস্কার, কাজী মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার, কবি জসীমউদ্‌দীন পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |