জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 9:09 pm
রোববার (২৯ অক্টোবর) দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু এই হরতালে মাঠে নামেনি ব্রাহ্মণবাড়িয়া বিএনপি। হরতাল পালন করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসেননি জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান। আর কারাগারে রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম।
রোববার ডাকা সকাল সন্ধ্যা এই হরতালে কোন প্রকার প্রভাব পড়েনি ব্রাহ্মণবাড়িয়ায়। সকাল থেকেই জেলা শহরে যানচলাচল স্বাভাবিক ছিল। পাশাপাশি দোকানপাটও খোলা ছিল। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। দুপুর ১২টায় শহরের খালপাড়ে ছাত্রদল,সেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে কিছুদূর অগ্রসর হলে পুলিশ আসার খবরে ছত্রভঙ্গ হয়ে যায়।
এই বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নানের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
তবে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নূরে আলম সিদ্দিকী বলেন, ঢাকা থেকে মান্নান ভাই গতকাল আসতে পারেননি। এছাড়া নানান ঝামেলা ছিল। অনেক নেতাকর্মীও আসতে পারেননি। সারাদেশে একই অবস্থা। সেচ্ছাসেবক দল ও যুবদল একটি মিছিল বের করেছিল বলে জানতে পেরেছি। তবে কোথায় পালন করেছে তা তিনি জানাতে পারেননি।
সকাল থেকে শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, জেলা শরের কাউতুলী মোড় থেকে সিএনজি চালিত অটোরিকশা আখাউড়া ও কসবার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। ভাদুঘর বাস টার্মিনাল থেকে চট্রগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। কুমিল্লা সিলেট মহাসড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরের প্রধান সড়ক টিএ রোড, কোর্ট রোড, সড়ক বাজার, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, নিউ সিনেমা হল রোড, টেংকের পাড়, মেড্ডায় সব দোকান খোলা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা আছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ।
Posted ৮:৪৬ পিএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya