ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:09 pm
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। সদ্য প্রয়াত ফুটবলার বাদল রায়ের স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের শনিবার তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
এসময় বাদল রায় একজন সৎ ও দক্ষ ফুটবলার এবং সংগঠক ছিলেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের ক্রীড়াঙ্গনে অনেকেই মনে করেন আবাহনী মানে আওয়ামী লীগ, আর মোহামেডান মানে আওয়ামী লীগ বিরোধী প্রতিপক্ষ কিন্তু বাদল রায় তা প্রমাণ করে গেছেন খেলাধুলায় কোনো রাজনীতি নেই।
বাদল রায় তার খেলোয়াড় জীবনের শুরু থেকেই মোহামেডানের সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু মনে প্রাণে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন বলেও জানান তিনি।
তরুণদের খেলাধুলায় সুযোগ করে দেওয়ায় আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তা না হলে তারা মাদকসহ সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়তে পারে।
আরো পড়ুন : করোনা মোকাবেলা: দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ক্রীড়া ফেডারেশনগুলোকে ব্যবহার করছেন, এর থেকে বের হয়ে আসতে হবে, ক্রীড়া ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস কারো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, তাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে এ ভাইরাসের মোকাবেলা করতে হবে।
ক্রীড়া পরিবারের উদ্যোগে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, যুব ও ক্রীড়া সম্পাদক হারনুর রশিদসহ বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ ও ক্রীড়া সাংবাদিক, সংগঠক ও খেলোয়াড়।
সূত্র: ইত্তেফাক
Posted ৮:০৯ পিএম | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya