অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 4:03 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মালিক সেজে ভাড়ায় চালিত মাইক্রোবাস বিক্রি করে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার উজ্জ্বল মিয়া ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতুলি এলাকার জিল্লু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালে মাসিক দেড় লাখ টাকা চুক্তিতে নোহা মডেলের একটি মাইক্রোবাস উজ্জ্বলের কাছে ভাড়া দেন গাড়ির প্রকৃত মালিক প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ৫৩ হাজার টাকা ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি এক লাখ টাকা লাভ দেওয়ার কথা ছিল উজ্জ্বলের।
প্রথম তিন মাস ব্যাংক কিস্তি পরিশোধ করলেও পরে কোনো লাভের টাকা দেননি তিনি। একপর্যায়ে গত ১১ মাস ধরে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন উজ্জ্বল।
ফাহমিদা হকের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় গত রোববার ঢাকার মিরপুর ২ নম্বর সেক্টর থেকে গাড়িসহ উজ্জ্বলকে আটক করা হয়। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে উজ্জ্বলের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। তাকে আদালতে সোপর্দের পর তদন্তের স্বার্থে শোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উজ্জ্বল মাইক্রোবাসটি অন্যত্র বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার মিরপুর থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Posted ৪:০৩ পিএম | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya