নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 10:26 pm
ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতি নিয়ে বিভিন্ন পোস্টের বিষয়ে মুখ খুলেছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন। এ সব অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন তিনি। পাশাপাশি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি৷ আজ রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সম্প্রতি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ফেসবুক পেইজে ভূমি অফিসে নামজারি, খাজনা, খতিয়ানসহ ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে দুর্নীতি-অনিয়ম নিয়ে পোস্ট করা হয়।
অভিযোগের বিষয়ে সহকারী কমিশনার নাসরিন বলেন, ভূমি সংক্রান্ত যে অভিযোগ বা স্বচ্ছতার অভাব মানুষ মনে করছে, সেগুলো দূর করতে ভূমি মন্ত্রণালয় অনলাইন সিস্টেমে ভূমি সেবাগুলো দেয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেভাবেই কার্যক্রম চলমান রয়েছে। অনলাইনে নিজে আবেদন করে এবং ফোন নম্বর ব্যবহার করে শুনানীতে উপস্থিত হয়ে যে কেউ সহজেই সরকার নির্ধারিত ফি পরিশোধ করে নামজারি সম্পন্ন করতে পারছে। ভূমি সংক্রান্ত সকল সেবাই এখন অনলাইনে সম্পাদন হয়ে থাকে।
তিনি বলেন, সহকারী কমিশনারের কাজটিই এরকম যে এখানে দুইটি পক্ষ থাকে। এক পক্ষের পক্ষে রায় হয়, আরেক পক্ষের বিপক্ষে রায় যায়। এর ফলে কেউ একজন ক্ষুব্ধ হয়, কেউ একজন সন্তুষ্ট হয়। তবে যারাই এটা (অনিয়মের অভিযোগ) প্রচার করুক না কেনো, আমি প্রত্যাশা করব যে তারা যাচাই-বাছাই করে প্রচার করুক। যদি এরকম কোনো অনিয়ম হয়ে থাকে, সে বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে আমাদের কোনো অসুবিধা নেই। তবে আমরা চাই সুনির্দিষ্ট অভিযোগগুলো সামনে আসুক।
তিনি আরও বলেন, আপাত দৃষ্টিতে আমার কাছে অভিযোগ ভিত্তিহীন মনে হচ্ছে। যদি কেউ এরকম ঘটনার শিকার হয়, তারা যেন অবশ্যই যথাযথ মাধ্যমে অভিযোগ দায়ের করেন।
Posted ৮:০৬ পিএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya