ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 4:19 pm
ভারতের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ করোনার টিকা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাতে এই টিকা তুলে দেয় ভারত।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
টিকা হস্তান্তরের এই অনুষ্ঠানে রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, এটি সর্বোচ্চ পর্যায়ে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির – দেয়া প্রতিশ্রুতির অংশ এবং ভারতের প্রতিবেশী প্রথম নীতির অংশ।
পারস্পরিক বুন্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ এবং ভারত এক সাথে কোভিড-১৯ এর মতো প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়বেন বলেও উল্লেখ করে ভারতীয় রাষ্ট্রদূত।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়াল আলম ছাড়ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে।
টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে।
অনলাইনে নিবন্ধন ছাড়া কাউকে করোনার এই টিকা দেবে না বাংলাদেশ সরকার। রাজধানীর চারটি হাসপাতালে এ মাসের শেষ দিকে টিকাদানের মহড়া বা ড্রাই রান হবে।
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
Posted ৪:১৯ পিএম | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya