শিরোনাম
সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য রাখায় রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বিয়ের অনুষ্ঠানের কথা বলে ডেকে মাঝ নদীতে নিয়ে আটকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় এবার শিক্ষার্থীদের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৭৫ জন পেল পুরস্কার নাসিরনগরে লুডু খেলায় ‘ভুল ধরিয়ে দেওয়ায়’ কিল-ঘুষিতে যুবক নিহত ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ইউনূসকে : হাইকোর্টের রায় সরাইলে বিজিবি-র‍্যাবের অভিযানে ভারতীয় ১০ টন জিরাসহ আটক ৩ বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:19 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবিক শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে সীরাতচর্চার আগ্রহ সৃষ্টি করতে ব্রাহ্মণবাড়িয়া সদরে অনুষ্ঠিত হয়েছে সীরাত অলিম্পিয়াড ২০২৬। ইসলাম শিক্ষা শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অলিম্পিয়াডে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে। শনিবার, ১২ সেপ্টেম্বর এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইসলাম শিক্ষা শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি মো. আবদুছ জাহের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলাম শিক্ষা শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা মো. আবদুল লতিফ।
পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তিলাওয়াত করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রাহাতুল হাসান তাজিম। হামদ পরিবেশন করেন একই বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান সামি। নাতে রাসুল (সা.) পরিবেশন করেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুজহাত তাবাসসুম অর্থী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুছ জাহের। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মানসুরা আক্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ফরিদ আহমদ এবং সোহাতা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বশির আহমদ ভূঁইয়া ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মতিন ভূঁইয়া, আহরন্দ মহিউদ্দিন নগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিরুল ইসলাম এবং নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসউদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা মো. আবদুল লতিফ বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। শিক্ষার্থীদের শুধু সীরাত সম্পর্কে জ্ঞান অর্জন করলেই হবে না, বরং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে নিজেদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ধারণ করতে হবে। সীরাত অলিম্পিয়াডের মতো আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুই গ্রুপে বিজয়ীদের তালিকা
সীরাত অলিম্পিয়াডে শিক্ষার্থীদের দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক গ্রুপ—ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি
প্রথম স্থান অর্জন করে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদনান সামি। দ্বিতীয় স্থান অর্জন করে তাবাসসাম হক এবং তৃতীয় স্থান অর্জন করে আবিদা মাহজুবা খানম—উভয়েই গভ. মডেল গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
চতুর্থ স্থান অর্জন করে হালিমা আক্তার মিলি (আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়), পঞ্চম নুরজাহান (গভ. মডেল গার্লস হাই স্কুল), ষষ্ঠ নাবিল (নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়), সপ্তম মো. তালহা আহমেদ এবং অষ্টম তামিম চৌধুরী সাইফ—উভয়েই ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
খ গ্রুপ—নবম ও দশম শ্রেণি
প্রথম স্থান অর্জন করে আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী নুজহাত তাবাসসুম অর্থী। দ্বিতীয় স্থান অর্জন করে ফারিশতা তাজরিয়ান তুশি (গভ. মডেল গার্লস হাই স্কুল) এবং তৃতীয় স্থান অর্জন করে আফসানা রহমান (নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়)।
চতুর্থ স্থান অর্জন করে মো. শাহিদুজ্জামান মাহি এবং পঞ্চম মারিয়া মাহাসিন—উভয়েই নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ষষ্ঠ স্থান অর্জন করে আশা আক্তার এবং সপ্তম তাবাসসুম আক্তার—উভয়েই আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। অষ্টম স্থান অর্জন করে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়েল হাই একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী তানজিনা আক্তার তুষা।
অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও বই তুলে দেওয়া হয়। পরে আয়োজক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা বলেন, সীরাত অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ সম্পর্কে জানার আগ্রহ আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিকতা ও উত্তম চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |