জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:31 pm
চিকিৎসার জন্য দলীয় নেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে বেশ তোড়জোড় বিএনপিতে। আন্দোলন বেগবান করতে তৃণমূল পর্যায়ে নির্দেশনা রয়েছে। কুটনৈতিক পর্যায়েও লবিং করছে বিএনপি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ছাপিয়ে খালেদা জিয়ার চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছে দলটি।
এ অবস্থায়ও প্রকাশ্য দলীয় বিভেদ ব্রাহ্মণবাড়িয়া বিএনপিতে। পাঁচ নেতার দলে ৩জন, ২জনে এ বিভক্তি। সোমবারও (৯ অক্টোবর) আলাদাভাবে পালন করা হয়েছে কেন্দ্র নির্দেশিত দলীয় কর্মসূচি। খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে এ কর্মসূচি পালিত হয়। পৌর এলাকার এক কিলোমিটারের মধ্যে বিএনপি’র দুই পক্ষের পৃথক কর্মসূচি পালিত হয়।
বর্তমান কমিটি গঠনের পরই একটি পক্ষ বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রের কাছে দাবি জানিয়ে আসছে। আহবায়ক ও সদস্য সচিবের ডাকে তারা কর্মসূচিতে যাচ্ছেন না। অন্যদিকে আহবায়ক ও সদস্য সচিব বলছেন, প্রত্যেক কর্মসূচিতেই দলীয় নেতা-কর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহন থাকছে। আহবায়ক আব্দুল মান্নান ও সদস্য সচিব সিরাজুল ইসলামের পক্ষে রয়েছেন আরেক সদস্য নূরে আলম। আরেক পক্ষে আছেন সদস্য হাফিজুর রহমান মোল্লা ও জহিরুল ইসলাম।
সোমবার সকালে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার দক্ষিণ মৌড়াইল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা, জেলা পরিষদ মার্কেট ও কালীবাড়ি মোড় প্রদক্ষিণ করে জেলা পরিষদ মার্কেট এলাকায় সমাবেশ করে। মিছিলে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাবেক আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের বহিস্কৃত সাবেক আহবায়ক ফুজায়েল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন মোল্লাসহ যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফিজুর রহমান মোল্লা ও জহিরুল ইসলাম।
এদিকে বিকেল সাড়ে চারটার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ার বোর্ডিং মাঠ এলাকা থেকে জেলা বিএনপির আহবায়ক আবদুল মান্নান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সচিব মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলে জেলা কৃষক দলের সভপতি আবু শামীম মো. আরিফ, জেলা বিএনপির সাবেক সদস্য আসাদুজ্জামান শাহীন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমানসহ জেলা ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি খৈয়াসার এলাকার মোদকবাড়ি মোড়ে সমাবেশ করে।
Posted ১০:০১ পিএম | সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya