জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:12 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় সাবেক সাধারণ সম্পাদক সহ ৫০জনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এরমধ্যে গ্রেফতারকৃত দুইজনকে রোববার দুপুরে এই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
রোববার (১৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন। তিনি জানান, শনিবার বিকেলে বিএনপির দুইগ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫/৩০জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ্যযোগ্য আসামিদের মধ্যে জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সদর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোল্লা সালাহউদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার ও ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি পৌর কাউন্সিলর ফারুক মিয়ার নাম রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১০ আগস্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর থেকেই বিএনপির একাংশের নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবীতে প্রতিবাদ জানাতে থাকে। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। শনিবার বিকেলে নব গঠিত কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ পৌর এলাকার শিমরাইলকান্দি থেকে থেকে একটি আনন্দ র্যালী বের করে।
অপর দিকে একই সময়ে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের নেতৃত্বে পাওয়ার হাউজ রোডে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। অপর পক্ষের কাছাকাছি আসলে তারা আনন্দ র্যালীকে ধাওয়া করে। এরপর উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। প্রায় আধ ঘন্টাব্যাপী চলা এই ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Posted ১০:১২ পিএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya