ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 10:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী-পুরুষ রঙ-বেরঙের পোশাক ও বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশ নেওয়া রিমা ঘোষ ও জয়িতা পাল বলেন, আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ মানব অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবানের আবির্ভাবের উদ্দেশ্য ছিল অত্যাচারী ও দুষ্টকে দমন এবং শিষ্টের পালন করার জন্য। এ দিনটি আমাদের জন্য অত্যন্ত পবিত্র দিন। প্রতিটি বাড়িতে পূজা বিধি পালনের মধ্য দিয়ে আমরা এই পবিত্র তিথি জন্মাষ্টমী উদযাপন করে থাকি।

র‍্যালিতে অংশ নেয়া পুরোহিত প্রবীর চক্রবর্তী জানান, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির রোহিণী নক্ষত্রে বাসুদেব-দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ। অষ্টমী তিথিতে দেবকীর অষ্টম গর্ভে আবির্ভূত হয়েছিলেন বলে এই জন্মতিথির নাম জন্মাষ্টমী তিথি বলা হয়। শ্রীকৃষ্ণ কংসের কারাগারে যখন আবির্ভূত হয়েছিলেন, তখন দুরাচারী কংসের অত্যাচারে অতিষ্ঠ সবাই। পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন।

ভগবানের আবির্ভাবের মধ্য দিয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন করা হয়। এটা হচ্ছে আজকের দিনের তাৎপর্য। আমরা এই শুভ তিথিতে দেশের সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের মঙ্গল কামনা করছি। সবাই যেন ভালো থাকে, দেশ যেন ভালো থাকে, সেই প্রার্থনা করছি।

প্রধান অতিথি হিসেবে র‍্যালি উদ্বোধনকালে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মানবতার প্রত্যয় নিয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল। সে মানবতাবোধ আমাদের সকলের মাঝে জাগ্রত হোক, এটাই আমি প্রত্যাশা করি।

এ সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম জন্মতিথি উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

র‍্যালিতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন,জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পি. বি. রায় সুপ্রিয়, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |