বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:18 pm
অবশেষে মামলার দায়েরের পর কারাগারে প্রেরণ করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিতর্কিত চিকিৎসক সৈকত আহমেদ জনিকে। হোটেল কর্মচারী ভুক্তভোগী মাহফুজ মিয়ার মামলায় তাকে বৃহস্পতিবার বিকেলে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। চিকিৎসক সৈকত আহমেদ জনিকে প্রধান আসামী করে ৪ জনের নামে মামলা দায়ের করা হয়। মামলায় অন্য আসামীরা হলেন আল খিদমা হাসপাতালের মালিক, ম্যানেজার ও ব্যবস্থাপনা পরিচলক।
এর আগে চিকিৎসার অবহেলার কারণে বুধবার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন জেলার সরাইল উপজেলার কাটানিসার গ্রামের মাহফুজ মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কাটানিসার গ্রামের কৃষক বৃদ্ধ আব্দুল আজিজ। গত জানুয়ারির ১ তারিখ কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে ধাক্কা দিয়ে সহযোগিতা করতে ধানের বস্তা বোঝাই একটি ভ্যানকে। এসময় ভ্যানটি উল্টিয়ে পড়ে যায়। এতে কৃষক আজিজ বাম হাতে ব্যাথা পান। ব্যাথা পাওয়ার পর তার ছেলে মাহফুজ মিয়া তার পিতা আজিদ মিয়াকে নিয়ে যান জেলা সদর হাসপাতালে, সেখানে গিয়ে পড়েন দালালের খপ্পরে। দালাল তাকে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব পাইকপাড়া কুমারশীল মোড়ে আল খিদমা নামের এক বেসরকারি হাসপাতালে। আল খিদমা হাসপাতালে আব্দুল আজিজের হাতের অস্ত্রোপচার করেন সৈকত আহমেদ জনি নামের একজন চিকিৎসক। অস্ত্রোপচারের কিছুদিন পর থেকে আব্দুল আজিজের হাতে পচন ধরে। পরবর্তীতে আবার ডাঃ সৈকত আহাম্মদ জনির কাছে আসার পর আজিজের হাত ডেসিং করে দেয়। এই ভাবে মাস চলে যায় কিন্তু হাত ভাল হওয়ার খবর নেই। হাসপাতালের মালিককে বিষয়টি জানালে উল্টো দূর্ব্যবহার করেন।
কোন উপায় না দেখে শেষ পর্যন্ত সদর মডেল থানায় অভিযোগ দিলেন আজিজের ছেলে মাহফুজ। মাহফুজের অভিযোগের প্রেক্ষিতে সদর মডেল থানা পুলিশ বুধবার বিকেলে ডাঃ সৈকত আহমেদ জনিকে আটক করে থানায় নিয়ে আসে।
অনুসন্ধানে জানা যায়, বিতর্কিত মেডিসিন চিকিৎসক মোঃ সৈকত আহাম্মাদ জনি দীর্ঘদিন ধরে কুমারশীল মোড়স্থ আল খিদমা হাসপাতালে বসে রোগী দেখে আসছেন। সার্জারীর কোন সনদপত্র নাই তার। তারপরেও প্রকাশ্যে একের পর এক জটিল অস্ত্রোপচার করে আসছেন। অস্ত্রোপচার করার সময় তার সহযোগী হিসেবে থাকেন হাসপাতালের দালালরা।
আরো জানা যায়, ডাঃ জনি কয়েক বছর আগেও চিকিৎসা দিতেন নিউ সেন্ট্রাল ল্যাব এন্ড ডায়াবেটিক হাসপাতালে। সেখানে তিনি সাইনবোর্ডে তিনি লিখতেন- মেডিসিন, বাত ব্যাথা রোগের বিশেষ অভিজ্ঞ। এই হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় যেন পদোন্নতি পেয়ে যান ডাঃ জনি। যোগ দেন ওই হাসপাতালের কাছাকাছি আল খিদমা নামের হাসপাতালে। সেখানে গিয়ে তিনি অর্থোপেডিক্স চিকিৎসক হয়ে যান। সাইনবোর্ডে লিখেন- অর্থোপেডিক্স, হাড় ভাঙা, হাড় জোড়া, বাত ব্যাথা, প্যারালাইসিস ও মেডিসিন রোগের বিশেষ অভিজ্ঞ।

বুধবার রাতে সদর মডেল থানায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমে ডাঃ জনি সনদ না থাকার পরেও অস্ত্রোপচার করা কথা অস্বীকার করেন। পরবর্তীতে অপারেশন করা কালীন থিয়েটারের ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে জনি সনদ না থাকার পরেও অস্ত্রোপচার করার কথা স্বীকার করেন।
ভুক্তভোগী আজিজ ছাড়াও পৌর এলাকার কাজীপাড়ার মরহুম আব্দুল আউয়ালের ছেলে অটোরিকসা চালক মোক্তার হোসেনকে এক মাস আগে অস্ত্রোপচার করেন বিতর্কিত চিকিৎসক মোঃ সৈকত আহাম্মেদ জনি। অস্ত্রোপচার সফল না হওয়ায় মোক্তারের পায়ে পচন ধরলে মোক্তার এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মোঃ সৈকত আহাম্মেদ জনি একের পর এক অপকর্ম করে চলেছেন যাচ্ছে। প্রভাবশালী মহলটির ভয়ে সাধারণ লোকজন জনিকে কিছু বলতে সাহস পায়না।
এ ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক বলেন, ওই চিকিৎসককে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
Posted ৯:২৩ পিএম | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya