কসবা প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 9:42 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জনগনের কাছে কিন্তু আসেনা। তারা রাজনীতি করে ঢাকার আমেরিকান দূতাবাস, ব্রিটিশ দূতাবাস, হেন দূতাবাস-তেন দূতাবাসে। তারা কিন্তু মনে করে ওই দূতাবাস দিয়ে জনগণের ঘাড়ে উঠতে পারবে। আপনারা কি চান কেউ দূতাবাসের ঘাড়ে উঠে আপনাদের শাসন করুক। এদের চিনে রাখবেন, এরা জনগনকে দুই পয়সার দাম দেয়না। এরা আসলে দেশটা বিরান করবে।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এসময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরা (বিএনপি) বলে কেয়ারটেকার সরকার হতে হবে। কেয়ারটেকার সরকার নিয়ে মামলা হয়েছে। ২০১০ সালে এর রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে কেয়ারটেকার সরকার আমাদের সংবিধানের সাথে চলেনা। এটা অবৈধ। পরে সংবিধানে কেয়ারটেকার সরকারের যে ব্যবস্থা ছিলো তা সংসদে বাতিল করা হয়।
তিনি বলেন, ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারীতে যে নির্বাচন হবে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানে পরিস্কার বলা হয়েছে, ‘নির্বাচন করার জন্যে যে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো নির্বাচন কমিশনের অধীনে থাকবে।’ আর শেখ হাসিনার সরকার দৈনন্দিন কাজ করে যাবে।
আইনমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর ইনডেমিনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৭ জন সদস্যের হত্যার বিচার শুরু করেন। আমরা দেখেছি সেই বিচার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের যতোজনকে পেয়েছি তাদের রায় কার্যকর করেছি। কয়েকজন আসামী বিদেশে পালিয়ে আছে,তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা জেল হত্যা মামলাও শেষ করেছি।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম হাক্কানীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাউছার ভূইয়া জীবন।
-রুবেল আহমেদ
Posted ৯:৪২ পিএম | মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya