অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সর্বশেষ আপডেট : ১০:৫৫ অপরাহ্ণ
গ্রিসের ঐতিহাসিক রাজধানী এথেন্সে আগামী ১২ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন ‘বাংলা ইউরোভিশন সাংস্কৃতিক উৎসব-২০২৬’। এ উৎসবে অংশ নিতে আগামী ১২ জুন বাংলাদেশ ত্যাগ করবেন বিশিষ্ট সাংবাদিক, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান, দৈনিক সরোদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী পীযুষ কান্তি আচার্য।
জানা গেছে, ১২ জুন শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে তাঁর এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। উৎসব ও সংশ্লিষ্ট বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ শেষে আগামী ৩০ জুন তিনি দেশে ফিরবেন।
বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত বাংলা ইউরোভিশন বর্তমানে আন্তর্জাতিক পরিসরে বাংলা সংস্কৃতির অন্যতম বৃহৎ মিলনমেলায় পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষী শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজকদের সূত্রে জানা যায়, এবারের উৎসবে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক বাংলা ভাষাভাষী প্রতিনিধি অংশ নেবেন। উৎসবজুড়ে থাকবে সংগীত, নৃত্য, কবিতা, আবৃত্তি, নাট্য পরিবেশনা এবং বিভিন্ন সৃজনশীল সাংস্কৃতিক আয়োজন।
উৎসবের অন্যতম লক্ষ্য হলো বাংলা সংস্কৃতির সৌন্দর্য, বৈচিত্র্য ও সমৃদ্ধ ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। একই সঙ্গে নতুন প্রতিভার বিকাশ, সাংস্কৃতিক বিনিময় এবং বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করাও এ আয়োজনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
এ বিষয়ে পীযুষ কান্তি আচার্য বলেন, “বাংলা ইউরোভিশনের মতো আন্তর্জাতিক আয়োজন বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই উৎসবে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। বিশ্বের বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষের সঙ্গে সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হবে বলে আশা করছি।”
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হিসেবে তাঁর এ অংশগ্রহণ ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্যও গৌরবের বিষয় বলে মনে করছেন স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
dainiksarod | Pijush Kanti Acharya