জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
সর্বশেষ আপডেট : 10:27 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ভিসা নীতির কথা বলতেছে, বাংলাদেশও তো ভিসা নীতির কথা বলতে পারে। ভিসা নীতি দিছে তো কি হয়েছে?
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আমার সাথে যখন আমেরিকার এম্বাসেডর সাহেবের কথা হয়েছে, তখন তিনি বললেন আমি এসেছি ভিসা নীতি কি তা বুঝাতে। আপনি কি বলবেন? আমি বললাম, দেশ হিসেবে এটা আওয়ামী লীগ বা বিএনপির বিরুদ্ধে ব্যবহার করেন, সার্বভৌম দেশ হিসেবে আমি অপমানিত বোধ করেছি। কারণ বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। তারপর বলেছি, আপনারা বলেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটা করেছেন। আপনারা যদি পক্ষপাতিত্ব না করে এটা প্রয়োগ করেন, আমাদের আপত্তি নাই। আপনারা যদি একজনের বিরুদ্ধে এটা প্রয়োগ করেন, তাহলে অবশ্যই আমার কিছু বলার আছে। তারপর বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র দেশ আপনার। আপনারা ভিসা নীতি দিয়েছেন, তাতে আমার কিছু আসে যায় না।
তিনি বলেন, যারা আপনাদের কাছে এসে অফিস খুলতো, আপনাদের এক টাকা দিয়ে ৪০ টাকা সুদ নিতো এবং যারা পদ্মাসেতু যেন বাংলাদেশে না হয় সেই ষড়যন্ত্র করতো, তারা অনেক লম্বা লম্বা কথা বলতেছে।
মন্ত্রী আরোও বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন করেন বলেই কিন্তু অনেক সুদখোর, বিএনপির অনেক নেতা যারা দূর্নীতি করে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছিল তারা ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা আওয়ামী লীগের কর্মী, আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী, আপনারা মুক্তিযুদ্ধ দেখা কর্মী, আপনাদের ঐক্যবদ্ধ ভাবে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বাংলাদেশের অস্তিত্ব নিয়ে আর কেউ খেলতে পারবে না।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Posted ১০:২৭ পিএম | মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya