ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 10:39 pm
বঙ্গোপসাগরের একটি মাছ ধরার ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ট্রলারের মাঝিসহ ৯জন জেলেকে কুপিয়ে ও গুলি করে সাগরে ফেলে দেওয়া হয়। জলদস্যুরা আরও ৯ জেলেকে জিম্মি করে ট্রলারে থাকা মালামাল লুট করে নিয়ে যায়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গণমাধ্যমে এই তথ্য জানান।
সাগরে নিখোঁজ জেলেরা হলেন- ট্রলারের মাঝি শফিক (৩৫), কাইয়ুম জোমাদ্দার (৩৫), ইয়াসিন জোমাদ্দার (৩২), আবুল কালাম (৫৮), খায়রুল ইসলাম (৪০), আব্দুল হাই (৪০), আব্দুল আলীম (৫৫) ও ফরিদ মিয়া (৩৮)। নিখোঁজ একজনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।
ট্রলারের সহকারী মাঝি নুর মোহাম্মদের বরাত দিয়ে মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শুক্রবার রাতে মহিপুর থেকে বাজার সদাই নিয়ে বঙ্গোপসাগরে রওয়ানা দেয় এফভি ভাই ভাই নামের একটি ট্রলার। দিনগত রাত ২টার দিকে পায়রা বন্দর এলাকা থেকে ট্রলারটি গভীর সাগরে গেলে পেছন দিক থেকে আরেকটি ট্রলার জোরে ধাক্কা দেয়। এফবি ভাই ভাই ট্রলারটিতে জলদস্যু ৮-১০ জন দলের সদস্য উঠে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই দস্যুরা গুলি ও এলোপাতাড়ি কোপ শুরু করে। তাদের গুলিতে খোকন নামে এক জেলে আহত হয়ে সাগরে পড়ে যান।
তিনি আরও বলেন, ট্রলারের মাঝি শফিক সহ ৯জনকে কুপিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হয়। আরও ৯জন জেলেকে জিম্মি করে দস্যুরা জাল, দড়ি ও বাজার সদাইসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
মোস্তফা চৌধুরী বলেন, দস্যুরা ট্রলারের ইঞ্জিন বিকল করে রেখে যায়। পরে ট্রলারটি সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে নুর মোহাম্মদ মুঠোফোনে সমিতিকে বিষয়টি জানায়। ঘটনাটি জেলার পাথরঘাটার সব প্রশাসনকে জানানো হয়েছে। ইতিমধ্যে বিকল ট্রলার ও জীবিত জেলেদের উদ্ধারে আরেকটি ট্রলার পাঠানো হয়েছে।
এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, বঙ্গোপসাগরে ডাকাতির খবরে ট্রলার মালিক সমিতির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সূত্র: জাগোনিউজ
Posted ১০:৩৯ পিএম | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya