পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিয়েছেন ছাগলের মালিক

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 9:51 pm

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিয়েছেন ছাগলের মালিক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করার চেষ্টার অভিযোগ উঠেছে। গত বুধবার (২৪) জুন সকালে উপজেলার রূপসদী বাজারে এ ঘটনা ঘটে৷ এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা। তিনি ওই উপজেলার কড়ইকান্দি গ্রামের মো. সাবুদ্দিনের ছেলে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে ছাগল মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) সকালে রূপসদী বাজারে বিক্রির জন্য একটি ছাগল নিয়ে আসেন চাঁন বাদশা। এ সময় ছাগলের ওজন বাড়ানোর জন্য পাইপ দিয়ে পানি খাওয়াতে থাকেন তিনি। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে- চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।
এদিকে, ফেসবুকে ভিডিও ছড়ানোর পর গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত চাঁন বাদশা। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
তবে অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজা রাদেন জানান, গ্রাম থেকে ছাগল কিনে নিয়ে বাজারে বিক্রি করেন তার চাচা চাঁন বাদশা। মূলত কেনার বর মালিক বদলের কারণে ছাগল খাবার খেতে চায় না। এজন্য ছাগলকে রোগাক্রান্ত মনে হয়। যার কারণে পানি খাইয়ে মোটাতাজা করা হয় বলে। তবে ওইদিন ভিডিওর কারণে আর ছাগলটি বিক্রি করা যায়নি। ছাগলটি বাড়িতেই আছে বলে জানান তিনি।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত চাঁন বাদশাকে সনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ছাগল মালিককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শনিবার, ২৭ জুন ২০২৬

The Daily Sarod |