ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:48 pm
পাঁচ ধাপে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর ভোট আগামী ডিসেম্বরের শেষের দিকে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। পৌরসভা নির্বাচনগুলো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সোমবার কমিশন সভা শেষে এসব তথ্য বলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সিইসি বলেন, আজকে আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, সিডিউল তৈরি করা এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো আমাদের করণীয়, সে কাজগুলো আমরা ঠিক করেছি। জানুয়ারি মাসের মধ্যে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো হয়তো আমরা করে ফেলবো হয়তো ডিসেম্বরের শেষের দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।
তিনি বলেন, পৌরসভার নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলোতে ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে, এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে যদি মনে করেন, তার ক্যাপাসিটি আছে, তাহলে হয়তো কিছু নির্বাচন ইভিএমে করা হবে।
সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের যেসব নির্বাচন ডিউ হবে, সেগুলো করা হবে। এই সময়ের পৌরসভা খালি হবে ২০টির উপরে। এছাড়া অনেকগুলো হবে উপনির্বাচন। আমরা আশা করি, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসের মধ্যে সম্পন্ন করা যাবে। এগুলো ধাপে ধাপে করা হবে। আমাদের অনুমান, ৫টি ধাপে নির্বাচনগুলো শেষ করতে পারবো। তবে এখনও আমরা ঠিক করিনি কয় ধাপে নির্বাচনগুলো করা হবে।
Posted ৮:৪৭ পিএম | সোমবার, ০২ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya