ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১
সর্বশেষ আপডেট : 6:35 pm
করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে আগামী ১৪ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।-খবর বিবিসির
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহনও বন্ধ থাকবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই কঠোর লকডাউন। করোনার ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য এর কোনো বিকল্প নেই।
এদিকে ১৪ এপ্রিল বাংলা নববর্ষ। এবার পহেলা বৈশাখ উদযাপিত হবে ভার্চুয়ালি ভাবে।
এর আগে, শুক্রবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ের সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে; লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। সেইসঙ্গে বাড়ছে জনগণের অবহেলা ও উদাসীনতা—এমন অবস্থায় সরকার জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে চিন্তা-ভাবনা করছে।
চলমান এক সপ্তাহের লকডাউনে জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়েছে বলে মনে করছেন না সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
অপর দিকে, অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পরামর্শক কমিটি।-এনটিভি
কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত বুধবার রাত সাড়ে ৮টায় ভার্চুয়ালি ৩০তম সভায় বসে। অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে কমিটির সদস্যেরা উপস্থিত থেকে বিস্তারিত আলোচনা করে অন্তত দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছেন।
Posted ৬:২৩ পিএম | শুক্রবার, ০৯ এপ্রিল ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya