ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 9:19 pm
বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ফরিদুল হক খান। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জামালপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
চলতি বছরের ১৩জুন রাতে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুবরণ করলে প্রতিমন্ত্রীর এই পদটি শুন্য হয়ে যায়। ধারণা করা হচ্ছে প্রয়াত শেখ মোহাম্মদ আব্দুল্লাহর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ফরিদুল হক খান।
শপথ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এই বিষয়ে ফরিদুল হক খানকে দফতর দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, তাকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে।
ফরিদুল হক ১৯৫৬ সালের ২ জানুয়ারি পূর্ব পাকিস্তানের জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো. হবিবর রহমান খান ও মাতার নাম মোসাম্মৎ ফাতেমা খানম।
ফরিদুল হক খান আওয়ামী লীগ থেকে মনোনীত জামালপুর জেলার ইসলামপুরের টানা তিনবারের সংসদ সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।
Posted ৯:১৯ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya