ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ৩১ মে ২০২৩
সর্বশেষ আপডেট : 9:58 pm
দেশের ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ৫ মাসে আক্রান্ত সংখ্যা ২ হাজার রোগী ছাড়িয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায়ও মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে সারাদেশে নতুন করে ৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্তের রেকর্ড। গত ২৭ মে একদিনে সর্বোচ্চ ৮০ জন এবং মঙ্গলবার (৩০ মে) সর্বোচ্চ ৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
নতুন ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে ৮২ জনই রাজধানী ঢাকার বাসিন্দা। বাকি ১৩ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরের ৫ মাসে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২২ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়,গতকাল মঙ্গলবার (৩০ মে) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে আরও ৯৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৮২ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ১৩ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের অনুযায়ী, চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে ৩১ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ হাজার ২২ জন। এরমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭২৬ জন। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন।
প্রতিবছর বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরমধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন।
Posted ৯:৫৮ পিএম | বুধবার, ৩১ মে ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya