ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ০৬ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:01 pm
পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জেলায় ২১ জন নিহত হয়েছেন।এসব দূর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন, সিলেটে ৯, ময়মনসিংহ ও ফেনীতে দুজন করে এবং সাভার ও কুমিল্লায় একজন নিহত হয়েছেন।
সংশ্লিষ্ট জেলার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরো অন্তত ৪ জন।
নিহতরা হলেন, মাইকোবাস চালক সোহান (২২), সাগর (২২), রিফাত (১৯), ইমন (১৮) ও অজ্ঞাত দুজনসহ মোট ৬ জন।
নারায়ণগঞ্জ থেকে একটি মাইক্রোবাস সিলেট হযরত শাহজালাল (রঃ) মাজারের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের রামপুরা নামক জায়গায় সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।
এসময় মাইক্রোবাসের চালকসহ ৬ জন যাত্রী নিহত হন ও আহত হন ৪ জন। বাসটি সড়কের পাশে খাদে চলে যায়। আহত ৪ জনের মধ্যে আহত আবির (১৭) নামে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, মরদেহগুলো হাইওয়ে থানায় আছে। খাদ থেকে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
এদিকে, হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস হবিগঞ্জ জেলার নবীগঞ্জ এলাকায় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়।এতে মাইক্রোবাসের ৯ জন যাত্রী মারা যান বলে জানিয়েছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত আরো পাঁচজনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি আজিজুর রহমান।
অপরদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় শুক্রবার সকালে দুই পিকআপের সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনায় পিকআপের আরো দুই যাত্রী আহত হন।
নিহতরা হলেন- নেত্রকোণার ঠাকুরকোনা এলাকার মানিক রবিদাসের ছেলে ও পিকআপের চালক রাজন রবিদাস (৪৫) ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার আব্দুস সালামের ছেলে ও চালকের সহকারী আজিম উদ্দিন (২৫)।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, সকাল ৮টার দিকে বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী একটি মাছ ভর্তি পিকআপকে পেছন থেকে আসা আরেকটি মাছ ভর্তি পিকআপ ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই পিআকপের চালক রাজন ও তার সহকারী আজিম নিহত হন।
এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়াও চট্টগ্রামের মিরসরাই হতে ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেলে করে ঘুরতে এসেছিলেন দুই বন্ধু। কিন্তু ঘোরা শেষ করে বাড়ি ফেরা হলো না কারো। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে দুজনেই এখন শুয়ে আছেন লাশকাটা ঘরে।
নিহতরা হলেন চট্টগ্রামের মীরসরাই উপজেলার ধূম ইউনিয়নের নাহেরপুর এলাকার আজিজুল হক শাহেদ (২৮) ও একই উপজেলার জোরারগঞ্জের ইমামপুরের জিয়া উদ্দিন বাবলু (২৫)।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে ফেনী-সোনাগাজী আঞ্চলিক সড়কের মতিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়া উদ্দিন বাবলুর বন্ধু ইমতিয়াজ উদ্দিন জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে শাহেদ ও বাবলু মীরসরাই ফেরার পথে মতিগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবলু মারা যায়।
তাদের দলে থাকা অন্য বন্ধুরা মিলে উদ্ধার করে ফেনীর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহেদকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় জিয়া উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে।
ঢাকার সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিল্পপুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে গেছে।
শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আহম্মেদ (২২) ঢাকা জেলার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে।
সাভার হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর (ওসি) আব্দুল্লাহ হেল বাকী জানান, আকাশ আহম্মেদ নামে নিহত ওই শিল্পপুলিশ সদস্য কয়েক দিন আগে নিজ কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্পপুলিশ কার্যালয় থেকে আশুলিয়ার শ্রীপুরের নিজ বাড়িতে আসেন।
সকালে মোটরসাইকেলযোগে তিনি একাই আবারো নারায়ণগঞ্জের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন। এসময় ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় পেছন থেকে আসা দ্রুতগামী বেপড়োয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
তাছাড়া, কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের আরোহী এক ব্যক্তি (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তার পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ দাউদকান্দি হাইওয়ে পুলিশ হেফাজতে রাখা আছে।
Posted ৯:০১ পিএম | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya