স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
সর্বশেষ আপডেট : 11:16 pm
আবারও নিজের পদত্যাগ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি নির্বাচিত হয়েছেন উকিল আব্দুস সাত্তার ভূইয়া। বুধবার রাত ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ১৩২টি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা যায়।
নিজের জয়ের খবরে রাতে উকিল আব্দুস সাত্তার ভূইয়া সাংবাদিকদের নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, সবাইকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার জন্যে তো দুঃসময়ই ছিল। এই দুঃসময়ে যারা আমাকে ভোট দিয়েছে,আমাকে পাশ করানোর চেষ্টা করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার সাধ্য অনুযায়ী তাদের উপকারে আসার চেষ্টা করবো। আমি খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া চেয়েছি। আল্লাহ কামিয়াবি করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি।
তিনি আরও বলেন, আমি আমার সাধ্য অনুযায়ী মানুষের উপকার করার চেষ্টা করবো। আমি যে সংগঠনে ছিলাম (বিএনপি), এ সংগঠনের নেতাকর্মীদের প্রতি আমার এখনো সহানুভূতি আছে। তাদেরকে আমি ভালবাসি। বিশেষ কারণে আমাকে ছাড়তে হয়েছে দল, তারপর মনে করলাম জনপ্রতিনিধি হতে পারলে মানুষের উপকার সুযোগ থাকে। বাইরে থেকে এটা সম্ভব হয় না।
উকিল আব্দুস সাত্তার ভূইয়া ১৯৭৯ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে তৎকালীন কুমিল্লা-২ আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী তিনি বিএনপিতে যোগদান করলে ১৯৯১ ও ১৯৯৬ সালে দুইবার এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে জোটকে আসনটি ছেড়ে দিলে টেকনোক্রেট কোটায় তিনি আইন ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে বিএনপির টিকেটে এমপি নির্বাচিত হন। কিন্তু দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
এই নির্বাচনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। এরা হলেন- বিএনপির বহিস্কৃত ৫ বারের সাবেক এমপি আব্দুস সাত্তার ভূইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাষানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এরমধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও বিএনপির সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার ভূইয়া সমর্থক গোষ্ঠির ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূইয়ার পক্ষে প্রচারণা চালিয়েছে।
উল্লেখ্য, ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া বিজয়ী হয়েছিলেন। গত ১১ ডিসেম্বর আবদুস সাত্তার ভূঁইয়া জাতীয় সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন বিএনপি থেকে বহিষ্কার করা উকিল আব্দুস সাত্তার ভূইয়া।
Posted ১১:১৬ পিএম | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya