স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 9:11 pm
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসনের উদ্যোগে তিতাস নদীতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগীতা। শনিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিতাস নদীর শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত অংশে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ১০টি নৌকা অংশ নেয়।
ছলৎ ছলাৎ শব্দে সুন্দইরা মাঝির বৈঠা গর্জে উঠার সাথে সাথে উত্তেজনায় ফেঁটে পড়েন তিতাস পাড়ের ক্রীড়ামোদিরা। বাইচ উপভোগ করতে নদীর তীরে ভীড় জমান লাখো মানুষ।
প্রতিযোগীতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
প্রতিযোগীতায় প্রথম হয়েছে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের দেওয়ার আতিকুর রহমানের নৌকা। এছাড়া দ্বিতীয় হয়েছে বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের সারোয়ার চেয়ারম্যানের নৌকা এবং তৃতীয় হয়েছে একই উপজেলার বুল্লা গ্রামের সারোয়ার চেয়ারম্যানের নৌকা। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Posted ৯:১১ পিএম | শনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya