ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 3:15 pm
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুরানাপৈল রেলগেটে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনায় ১২জন নিহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত সাতজনকে আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।
এদিকে এ দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং পুরানাপৈল রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমাচ্ছিলেন বলে দাবি করেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মো. সালাম কবির এবং পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।
ঘটনাস্থলে উপস্থিত এসপি সালাম কবির জানান, শনিবার সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় জয়পুরহাট শহর থেকে দিনাজপুরের হিলিগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষ হয়। বাসটি জয়পুরহাট থেকে পাঁচবিবি যাচ্ছিল। পথে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে চলে আসে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।
Posted ৩:১৫ পিএম | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya