বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
সর্বশেষ আপডেট : 3:34 pm
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে আটজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে জেলার ফুলপুর উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের বাঁশাটি এলাকায় এ নির্মম ঘটনা ঘটে।
এই বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে একটি মাইক্রোবাস শেরপুর যাচ্ছিল। সকাল সাতটার দিকে ফুলপুরে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আটজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর মেয়েকে জড়িয়ে বাবার মাটিতে শুয়ে থাকা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে অনেকে আবেগঘন মন্তব্য করেছে। কিন্তু এই ছবিতে থাকা শিশুটি বুলবুলি আক্তার (৭) মারা গেলেও বুকে সন্তানকে জড়িয়ে রাখা বাবা শাহজাহান জীবিত আছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রাণনাথ সাহা।
তিনি জানান, শিশুটি মারা গেছেন। তবে সম্ভত শিশুটির বাবা শাহজাহান জীবিত আছেন। মেয়ের মরদেহ দেখে জড়িয়ে আহাজারি করতে করতে শুয়ে পড়েন।
এই ঘটনায় শিশু বুলবুলি ছাড়াও যারা নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রিপা খাতুন (৩০), শামছুল হক (৬৫), রেজিনা খাতুন (৫৩), পাগলা থানার পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বেগম (৩০), মিলুয়ারা বেগম (৫৫) এবং তারাকান্দা উপজেলার নবী হোসেন (৩০)।
জীবিত অবস্থায় উদ্ধার হন, ভালুকার শাহজাহান (৪০), শারফুল (৩৬), মিজান (২৮), রাজু (২৭),পাগলার হাবীব ৫৫) ও গফরগাঁওয়ের রতন (৫৫)।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, নিহত শারফুলের খালাত ভাই শেরপুরের নালিতাবাড়ীতে মারা যান। আর তাই ভালুকা, তারাকান্দা, গফরগাঁও ও পাগলার আত্মীয় নিয়ে মাইক্রোবাসযোগে রওনা হন তারা। ফুলপুর পর্যন্ত আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে একে একে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। আর জীবিত উদ্ধার করা হয় আরও ৬ জনকে।
ফুলপুর থানার ওসি জানান, নিহতদের মধ্যে একজন শিশু, ৫ জন নারী ও ২ জন পুরুষ রয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। গাড়ির চালক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৩:০৮ পিএম | মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya