চুক্তি নবায়ন জটিলতায় স্টেডিয়াম মার্কেটে তালা দিল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:49 pm

চুক্তি নবায়ন জটিলতায় স্টেডিয়াম মার্কেটে তালা দিল প্রশাসন

নতুন করে জামানত ও ভাড়া বৃদ্ধি করে চুক্তি নবায়ন না করায় ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের নির্দেশে নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মার্কেট তালাবদ্ধ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মার্কেটে থাকা ৩৭ টি দোকান জেলা প্রশাসনের নির্দেশে বন্ধ করা হয়। এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে মার্কেটের ব্যবসায়ী ও দেড়শতাধিক শ্রমজীবীরা।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মালিকানাধীন জেলা শহরের কাউতলীতে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ৩৭ টি দোকান ২০০১ সালে ২ লাখ ২৫ হাজার টাকা জামানত ও মাসিক ৩০০ টাকা ভাড়ায় চুক্তির মাধ্যমে বরাদ্দ দেয়া হয়। চুক্তিতে পর্যায়ক্রমে আশপাশের দোকানের অনুযায়ী ভাড়া বাড়ানোর শর্তে সর্বশেষ ২০১৪ সাল থেকে মাসিক ভাড়া ১ হাজার টাকা করে পরিশোধ করে আসছে মার্কেটের ব্যবসায়ীরা। দীর্ঘ ১২ বছর যাবত দোকান ভাড়া না বাড়ানোয় চলতি বছরের ২৪ আগস্ট ও গত ১৪ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার পাঠানো দুই দফা চিঠিতে প্রতিটি দোকানের জামানত আরো ২ লাখ ৭৫ হাজার টাকা বাড়িয়ে ৫ লাখ টাকা এবং মাসিক ভাড়া ১ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১২ হাজার টাকা করে ২০ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি নবায়ন করতে জানায় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সাঈদ ও সদস্য সচিব মো. তানিম শাহেদ। এতে মার্কেটের ব্যবসায়ীদের মাঝে অসন্তোষ বিরাজ করে। তবে বিষয়টি নিয়ে জেলা ক্রীড়া সংস্থা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্টেডিয়াম মালিক সমিতির নেতৃবৃন্দ কোনো সিদ্ধান্তে পৌছাতে পারেনি।

ভূক্তভোগী ব্যবসায়ীরা জানান, পূর্বে ২ লাখ ২৫ হাজার টাকা জামানতে বরাদ্দ নেয়া দোকানের পুনরায় জামানত ও ভাড়া বৃদ্ধি বোধগম্য নয়। হঠাৎ করে অতিরিক্ত ভাড়া ও জামানত বৃদ্ধির ফলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে বিপাকে পড়তে হবে। এ অবস্থায় জেলা ক্রীড়া সংস্থার চুক্তি নবায়নের সিদ্ধান্তের বিষয়ে উচ্চ আদালতে রীট করা হয়েছে। আদালত গত ২১ সেপ্টেম্বর তর্কিত আদেশের উপর স্থগিতাদেশ এবং পক্ষগণতকে স্থিতি অবস্থায় রাখার আদেশ প্রদান করে। কিন্তু তারপরও প্রশাসনের লোকজন এসে দোকানগুলো তালা দেয়ার নির্দেশ দেয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, হাইকোর্টের আদেশের বিষয়ে অফিসিয়াল কোনো চিঠি পাইনি। মার্কেটের ব্যবসায়ীদের দুই দফা চুক্তি নবায়নের জন্য জানানো হয়েছে। কিন্তু তারা তাতে সায় দেয়নি। চুক্তি নবায়নের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দোকানগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, মার্কেটটিতে মোটর সাইকেল মেরামত, হার্ডওয়ার, মোটর সাইকেলের পার্টসসহ বিভিন্ন রকমের ৩৭টি দোকান রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৪৯ পিএম | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |