স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 9:56 pm
আপন চাচার হাতেই খুন হলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকার আমির হোসেনের তিন বছর বয়সী কন্যা শিশু হালিমা আক্তার। নিহতের আপন চাচা হেলাল মিয়ার কুপ্রস্তাবে তার মা খাদিজা বেগম সাড়া না দেয়ার বলি হলো অবুঝ এই শিশুটি।
সোমবার বেলা ১১ দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঞ্চল্যকর এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।
এ ঘটনায় হালিমার চাচা হেলাল মিয়া (২৬) ও তার আরেক সহযোগী রুবেল মিয়াকে (২২) আটক করেছে পুলিশ। আটককৃত হেলাল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের ফরিদ মিয়ার ছেলে। আটক রুবেল একই গ্রামের আরফুজ মিয়ার ছেলে। ইতোমধ্যে হেলাল ও রুবেলকে আসামি করে হালিমার মা খাদিজা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলায় আটক হেলাল ও রুবেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আটককৃত হেলাল এই হত্যাকান্ডের দায় স্বীকার করেছেন জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ভিকটিম হালিমার মাকে তার চাচা হেলাল মিয়া মাস খানেক আগে কুপ্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাগবিতন্ডাও হয়েছে। এর পর থেকেই প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে হেলাল। তখন থেকেই সে হালিমাকে হত্যার পরিকল্পনা করে। গত কয়েকদিন আগে হালিমাকে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার পরিকল্পনা করে কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়।
ঘটনার দিন (২ ফেব্রুয়ারি) হালিমাকে কোলে করে হেলাল বাড়ির বাইরে নিয়ে যায়। পূর্বপরিকল্পনার অংশ হিসেবে হালিমাকে চিপস্ কিনে দিয়ে বাড়ির অদুরে একটি বহুতল ভবনের পাশে নিয়ে যায়। সেখানে হালিমাকে শ্বাসরোধ করে হত্যা করে হেলাল ও তার সহযোগি রুবেল। এ ঘটনায় রোববার রাতে রুবেলকেও তার বাড়ি থেকে আটক করে পুলিশ।
এর আগে গত শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ভাদুঘর গ্রামের ভূইয়াপাড়া মহল্লার একটি বহুতল ভবনের পাশ থেকে হালিমার মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল কবির, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবু সাঈদ, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ আহম্মেদ ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন, পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক ও পরিদর্শক সোহাগ রানা উপস্থিত ছিলেন।
Posted ৮:০১ পিএম | সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya