স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 3:40 pm
আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৃনমূলের মতামতকে উপেক্ষা করে কুখ্যাত রাজাকার গোলাম আযমের নিকট আত্মীয়কে আওয়ামীলীগের প্রার্থী করায় সংবাদ সম্মেলন করেছে বঞ্চিত প্রার্থীরা। শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আসন্ন উপজেলা নির্বাচনে তৃনমূলের মতামতকে উপেক্ষা করে ভূয়া মুক্তিযোদ্ধা ও কুখ্যাত রাজাকার গোলাম আযমের নিকট আত্মীয় হাবিবুর রহমান স্টিফেনকে দলীয় প্রার্থী করতে মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামীলীগ। হাবিবুর রহমান স্টিফেন নবীনগরের বীরগাঁও গ্রামের সোনা মিয়া সরকারের ছেলে ও আমেরিকা প্রবাসী দ্বৈত ধর্মের অধিকারী বিতর্কিত ব্যক্তি। আওয়ামীলীগ থেকে নবীনগর উপজেলা নির্বাচন করতে মনোনয়ন ক্রয় করেছেন ৮জন প্রার্থী। অথচ দলীয় নির্দেশনা উপেক্ষা করে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিমের প্ররোচনায় ও কৌসলে এই কাজটি করা হয়েছে।
বক্তব্যে আরো বলা হয়, বিতর্কিত ব্যক্তি হাবিবুর রহমান স্টিফেন ভূয়া মুক্তিযোদ্ধা হওয়ায় তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাতিল করতে বীরগাঁও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বীরগাঁও গ্রামে গোলাম আযম প্রতিষ্ঠিত সোবহানিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা করেন হাবিবুর রহমান স্টিফেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ সম্পাদক কাজি জহির উদ্দিন সিদ্দিক টিটু ও সাবেক ছাত্রলীগ নেতা আল আমিন। এছাড়াও দুই চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও হাবিবুর রহমান হাবিবের পক্ষে প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তব্যে বলা হয়, হাবিবুর রহমানের বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগে প্রার্থীরা আলাদা ভাবে লিখিত অভিযোগ জানিয়েছে। তাকে ছাড়া যাকেই আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী করা হয় মেনে নেওয়া হবে, না হলে এর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৩:৪০ পিএম | শনিবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya