ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
সর্বশেষ আপডেট : 8:21 pm
অবশেষে দেশের ত্রয়োদশ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হলেন সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। শনিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সাথে চারজন নির্বাচন কমিশনারকে নিয়োগ প্রদান করা হয়।
কাজী হাবিবুর আউয়াল ১৯৫৬ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে এলএলবি (অনার্স) ও ১৯৭৮ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদ পান ১৯৮০ সালে। এবং সে বছর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য হন।
বিসিএস ১৯৮১ ব্যাচের এই কর্মকর্তা কর্মজীবন শুরু করেন জেলা মুনসেফ হিসেবে। সবশেষ তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ছিলেন।
বর্তমানে অবসরে থাকা কাজি হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগে সুপার নিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিবের দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাকে প্রথমে ধর্মসচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসেবে প্রেষণে নিয়োগ প্রদান করেন।
পরবর্তীতে ২০১৪ সালের ১৮ জুন তার চাকরির মেয়াদ এক বছর বাড়ায় সরকার। ২০১৫ সালের ১৭ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল কাজি হাবিবুল আউয়ালের।
কিন্তু একই বছর ২১ জানুয়ারি পিআরএল বাতিল করে তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। পরে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। ২০১৭ সালে সিনিয়র সচিব থাকাকালিন তিনি অবসরে যান।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ১২ ব্যক্তি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Posted ৮:২১ পিএম | শনিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya