ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 1:54 am
সাবেক আমলা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক (এইচ টি) ইমাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১ টা ১৫মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া রাত ১টা ২০ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম রাত ১.১৫ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। জানাজা এবং দাফনের বিষয়টি পরে অবহিত করা হবে।’
এইচটি ইমাম ফুসফুস, কিডনি, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। গত কয়েক দিন ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এইচটি ইমামের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ৮২ বছর বয়স্ক হোসেন তৌফিক ইমামের শারীরিক অবস্থার কোনো উন্নতি না হয়ে ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে তিনি বেশ কিছু দিন আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার বিকাল থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছিল।
এইচটি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমাম বলেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসা চলছে।
২০০৯ সাল থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এইচটি ইমাম। প্রথমে তিনি প্রশাসনিক উপদেষ্টা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচটি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। গত তিনটি নির্বাচনে তিনি আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন। তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
Posted ১:৫২ এএম | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya