ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ২৭ মে ২০২০
সর্বশেষ আপডেট : 11:35 pm
রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ারসার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের দল এখনো কাজ করছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের অগ্নিকাণ্ডের সূত্রপাত আইসোলেশন সেন্টারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্ট বিভাগের প্রধান ডা. সাগুফা আনোয়ার বলেন, জরুরি বিভাগে নয়, আগুন লেগেছে হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে। করোনা রোগীদের জন্য পাঁচ শয্যার একটি আইসোলেশন সেন্টার খোলা হয়েছে মূল ভবনের বাইরে একটি একতলা ভবনে। সেখানে চারজন রোগী ভর্তি ছিলেন। রাতে হঠাৎ সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
প্রথমে তিনি অগ্নিকাণ্ডের পরপরই দ্রুত ডাক্তার, নার্স ও রোগীদের সরিয়ে নেয়ার কথা দাবি করলেও পরে ক্ষুদে বার্তায় জানান, সেখানে হতাহতের ঘটনা আছে। তবে নিহত কজন তা নিশ্চিত নয়।
Posted ১১:৩৫ পিএম | বুধবার, ২৭ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya