সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 11:48 pm
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পবিত্র নগরী মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী ছাড়া সৌদিতে বাকি সব মসজিদে নামাজ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সৌদির জনপ্রিয় সংবাদমাধ্যম ‘সৌদি গ্যাজেট’ মঙ্গলবার এক সংবাদে জানায়, দেশটির সর্বোচ্চ ধর্মীয় সংগঠন ‘দ্য কাউন্সিল অব স্কলার্স’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে মসজিদ গুলোতে শুধু জামায়াতে নামাজ পড়া সাময়িক স্থগিত করা হয়েছে। নিয়মিত আজান হবে এবং সবাইকে বাসায় নামাজ পড়ার আহবান জানানো হয়েছে।
করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এর আগেও মক্কা-মদীনার মসজিদ বন্ধ করেছিল সৌদি আরব। গত ৫ মার্চ মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একই দিন বন্ধ করে দেয়া হয় মদিনার মসজিদে নববীও। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে একদিন পরেই ফের খুলে দেয়া হয় মসজিদ দু’টি।
সৌদি আরবে এ পর্যন্ত অন্তত ১৭১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ জন।
করোনাভাইরাসে বিশ্বের অন্তত ১৬৩টি দেশে আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯০ হাজার ৯২৮ জন। এতে মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৩১ জনের। এই ভাইরাসে প্রায় ৮০ হাজার ৮৮৯ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছেন বসে জানা গেছে।
Posted ১১:৪৮ পিএম | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya