স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ আপডেট : 12:46 am
আজ ৬ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস। ১৯৭১ সালের এইদিনে শত্রুমুক্ত হয়েছিল আখাউড়া উপজেলা। ওই দিন সড়ক বাজারের পোস্ট অফিসের সামনে উড়ানো হয়েছিল স্বাধীন দেশের পতাকা। আখাউড়া মুক্ত হওয়ার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শত্রুমুক্ত হতে শুরু করে।
দিনটিকে স্মরণীয় করে রাখতে আখাউড়া উপজেলা, পৌর প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দুইদিন ব্যাপি কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে প্রদীপ প্রজ্জলন করা হয়। শুক্রবার সকালে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আনন্দ র্যালি বের করা হবে। র্যালি শেষে পোস্ট অফিসের সামনে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ানো হবে।
মুক্তিযোদ্ধারা জানান, ৩০ ডিসেম্বর ও ১ ডিসেম্বর উপজেলার আজমপুর ও রাজাপুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর তুমুল যুদ্ধ হয়। ৩ ডিসেম্বরের যুদ্ধে হানাদার বাহিনীর ১১ সদস্য নিহত ও মুক্তিবাহিনীর দুইজন শহীদ হন। ৪ ডিসেম্বর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী মিলে আখাউড়ায় আক্রমন করে। ওই দিন আজমপুরে শহীদ হন লেফটেনেন্ট ইবনে ফজল বদিউজ্জামান।
৫ ডিসেম্বর সারা দিন, সারা রাত যুদ্ধের পর ৬ ডিসেম্বর আখাউড়া শত্রু মুক্ত হয়। পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।
মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়ার দুরুইন গ্রামে রয়েছে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের সমাধি।
Posted ১২:৩১ এএম | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya