স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : ৭:৫৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় তৈরি ৬টি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট সহ মোঃ কাজল মিয়া (৪৮) এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে জেলা শহরের ভাদুঘর ঋষিপাড়া থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র তৈরীর সরঞ্জামাদীও উদ্ধার করা হয়। সে ভাদুঘর ভূঁইয়া পাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
এসময় জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে অস্ত্র উদ্ধারে ভাদুঘরে অভিযান চালায়। ভোরে ভাদুঘর ঋষি (পূর্বপাড়া) সাকিনস্থ জনৈক মান্নানের বাড়ীর পিছনে কাঁচা রাস্তায় উপর একজন ব্যক্তিকে প্লাস্টিকের বাজারের ব্যাগ হাতে দেখতে পায় র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ কাজল মিয়া (৪৮)কে আটক করা হয়। আটককৃত ব্যক্তির ব্যাগ তল্লাশী করে স্থানীয়ভাবে তৈরীকৃত ৬টি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), অস্ত্র তৈরীর সরঞ্জামাদী ও ৩ রাউন্ড গুলি (রাবার বুলেট) উদ্ধার করা হয়। আটক কাজলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে নিজে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এবং বিভিন্ন লেদ মেশিন হতে পাইপ কেটে এনে বাড়িতে বসে আগ্নেয়াস্ত্র (পাইপ গান) তৈরী করে বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কাজলের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাবের সিনিয়র এডি চন্দন দেবনাথ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০১৯
dainiksarod | Pijush Kanti Acharya