স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
সর্বশেষ আপডেট : 7:58 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নাজমুল হুদা-(৩৩) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নাজমুল হুদা উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে নাজমুল হুদা বাড়ি থেকে বের হয়ে মোটর সাইকেল দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা রুমান আলী নাজমুলের উপর হামলা চালায়।
স্থানীয়রা আহতবস্থায় নাজমুল হুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
আহত প্রধান শিক্ষক নাজমুল হুদা জানান, ২০১৭ সালে ২০ আগষ্ট বুড়িশ্বর স্কুল মাঠে ইয়াবা সেবন করার প্রতিবাদ করলে তার ছোট ভাই নুরুল হুদাকে আক্রমণ করে রুমান আলী। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশে বিষয়টি মিমাংসা হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার নিজ কর্মস্থলে মোটর সাইকেল দিয়ে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে রুমান আলী তাকে উপর্যপুরি আঘাত করে। হামলায় তার হাতসহ বিভিন্ন স্থানে জখম হয়। খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা হামলার সত্যতা নিশ্চিত করে জানান, একজন শিক্ষকের উপর হামলা দুঃখজনক। আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ৭:৫৮ পিএম | মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya